যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
যুদ্ধ বন্ধে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে কূটনৈতিক উদ্যোগের কথা তোলে ইরান। তেহরান জানিয়েছিল, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠানো হয়েছে। এর মাধ্যমে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হতে পারে এবং সাত দিনের মধ্যে সংঘাতের অবসান ঘটতে পারে।

ট্রাম্প আজ টেনেসির উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।…আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করেছি।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য একটি চুক্তি করতে চায়। কারণ, তারা ভয়াবহভাবে হারছে।…আমরা দারুণভাবে জিতছি।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়। আমিও চুক্তি করতে চাই। তারা যা করতে চায়, তা হলো দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া। কারণ, তাদের কোনো অর্থ নেই। তারা হরমুজ প্রণালি থেকেই অর্থ পায়।’





মন্তব্য