রাজধানীর মিরপুর–১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ছবি:সংগৃহীতপ্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ব্যবসায়ীদের একটি অংশ সিটি করপোরেশনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
দুপুর ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে বেশ কয়েকজন ফুটপাত ব্যবসায়ী অবস্থান করছিলেন। অন্যদিকে মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জবাবে ফুটপাতের ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে ইটপাটকেলের আঘাত এড়াতে পুলিশ সদস্যদের কিছুটা পিছু হটতে দেখা যায়।

ঘটনায় সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশ সদস্য ও কয়েকজন সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে মিরপুর–১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।








মন্তব্য