কক্সবাজার প্রতিনিধি | ১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের অযথা রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে আটক ও গ্রেপ্তার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সময় রাস্তায় ঘোরাফেরা এবং বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ উদ্বেগজনক। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূলে পুলিশ কাজ করছে। এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিআইজি মনে করেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ, পরিবার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদনে : গ্লোবাল-২৪






মন্তব্য