নিজস্ব প্রতিবেদক | ১ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, তা চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে জনগণের অধিকার ও ১১ দলীয় জোটের দাবিগুলো উপেক্ষা করা হলে আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাদের সাত দফা দাবি মেনে নেওয়া হলে নতুন করে কোনো কর্মসূচির প্রয়োজন হবে না। তবে দাবিগুলো গ্রহণ না করা হলে সাত দফা যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাদের প্রতিটি লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তারা দেশে বিশৃঙ্খলা চান না, তবে জনগণের অধিকার উপেক্ষা করা হলে বিরোধী দল নীরব থাকবে না।
জামায়াত আমিরের বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও উঠে আসে। তিনি দাবি করেন, গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। সরকার সেই রায় মেনে নিলে পরবর্তী কর্মসূচি দেওয়ার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।
পথসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে রাত ১০টার দিকে লংমার্চের বহর ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।
গ্লোবাল – ২৪







মন্তব্য